বুধবার

২৭ মে, ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

টিসিবি কর্মকর্তার নেতৃত্বে নিষিদ্ধ দলের গোপন বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মে, ২০২৬ ২৩:০৪

শেয়ার

টিসিবি কর্মকর্তার নেতৃত্বে নিষিদ্ধ দলের গোপন বৈঠক
ছবি সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চৌধুরী ফার্মেসির বৈঠকঘরে বুধবার (২৭ মে) বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৈঠকটি পরিচালনা করেন বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পরিচালক (অর্থ ও প্রশাসন) আবুল হাসনাত চৌধুরী চন্দন। তিনি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ও পলাতক আসামি ডিউক চৌধুরীর ছোট ভাই।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আবুল হাসনাত চৌধুরী চন্দন বিভিন্ন এলাকার নেতাকর্মীদের আগে বাসায় ডেকে কুশল বিনিময় করেন এবং পরে তাঁর পিতা জাহিদুল হক চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ফার্মেসি সংলগ্ন বৈঠকঘরে নির্বাচিত কয়েকজন নেতাকে নিয়ে বসেন। সেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ওই নেতা আরও জানান, বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা আগামী ১৫ আগস্টের পর আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করে দলীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বর্তমান প্রশাসনে দলের সহানুভূতিশীল কর্মকর্তাদের সহযোগিতার বিষয়েও আলোচনা হয় বলে তিনি দাবি করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে যুবলীগের উপজেলা সভাপতি ও জুলাই ছাত্র-জনতা হামলা এবং নাশকতা মামলার আসামি পলিন চৌধুরী, জেলা যুবলীগের সদস্য ও সাবেক বদরগঞ্জ উপজেলা সভাপতি আকরাম আলী সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান ভাটিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বদরগঞ্জ হাইস্কুলের শিক্ষক ফারুক হোসেন, পৌর যুবলীগের সদস্য আবু মিয়া এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম পান্না।

চৌধুরী ফার্মেসির পাশের এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, আবুল হাসনাত চৌধুরী চন্দন প্রায়ই সরকারি গাড়িতে ঢাকা থেকে বদরগঞ্জে আসেন এবং ফার্মেসির পেছনের বড় কক্ষে বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে বসেন। তবে সেখানে কী আলোচনা হয় তা তিনি জানেন না বলে উল্লেখ করেন।

এই বিষয়ে টিসিবির পরিচালক আবুল হাসনাত চৌধুরী চন্দনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল না ধরে বিচ্ছিন্ন করে দেন। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে আওয়ামী লীগের যেকোনো ধরনের সভা-সমাবেশ করার এখতিয়ার নেই। এ বিষয়টি প্রশাসনকে অবহিত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সংশ্লিষ্ট কোনো সংগঠনের বৈঠক করার অধিকার নেই। এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে তথ্য পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।



banner close
banner close