সোমবার

২৫ মে, ২০২৬ ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জামিনে মুক্ত এনসিপি নেতা তারেক রেজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১২:৩৫

শেয়ার

জামিনে মুক্ত এনসিপি নেতা তারেক রেজা
ছবি সংগৃহীত

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৫ মে) সকালে আদালত থেকে জামিন লাভের পর তিনি কারামুক্ত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির দায়ের করা একটি মামলায় রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ শহরের স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা ওইদিন সন্ধ্যায় ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। সংবাদ সম্মেলনে যোগ দিতে ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, পুলিশের বিশেষ টিমের সদস্য এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাতে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার দায়ের হওয়া মামলায় তারেক রেজাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close