বিএনপি নেতা রাশেদ খাঁন দাবি করেছেন, জামায়াত-শিবির এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে এর দায় বিএনপির ওপর চাপাতে চেয়েছিল। শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ঝিনাইদহে অস্ত্রধারী দুই ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে শিবিরের রাজনীতি করেন। অথচ তাদের দিয়েই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার চেষ্টা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, জামায়াত-শিবির নাসীরুদ্দীনকে কেন হত্যা করতে চাইবে? এর পেছনে কি বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক পরিবেশ তৈরির কোনো উদ্দেশ্য ছিল?”
পোস্টে রাশেদ আরও বলেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত-শিবিরকে “ভারতের এক্সটেনশন”, “ভণ্ড”, “প্রতারক” ও “সংস্কারবিরোধী” বলে সমালোচনা করেছিলেন। সেই ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘটনার দায় আইনমন্ত্রী, তাকে এবং জেলা পরিষদের প্রশাসকের ওপর চাপানোর চেষ্টা করেছেন। তবে “সত্যতা এখন জাতির সামনে এসেছে বলেও দাবি করেন রাশেদ খাঁন।
পোস্টের শেষাংশে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, সেই সময়ও মির্জা আব্বাসের ওপর দায় চাপানোর চেষ্টা হয়েছিল, কিন্তু পরে দেখা যায় খুনিরা হাদির সঙ্গেই ছিল। বর্তমান ঘটনার সঙ্গে সেই ঘটনার মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:








