ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
ঘটনার পর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন নাসীরুদ্দীন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।
এর আগে আরেক পোস্টে তিনি অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদ থেকে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।
তার দাবি, হামলাকারীরা প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে, পরে হকিস্টিক দিয়ে মারধর করে। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং কয়েকজন আহত হন। তাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন আরও দাবি করেন, হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের চেষ্টা করছেন।
আরও পড়ুন:








