ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়।
শুক্রবার দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে নাসীরুদ্দীন বের হলে এ সময় “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে একটি পক্ষ বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে জানান, 'ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়।'
পাটওয়ারী বলেন, 'তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।'
ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান করছেন বলে জানান পাটওয়ারী। বলেন, 'মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।'
দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, 'কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে!'
এ ঘটনার পর স্থানীয় এনসিপি নেতারা বিক্ষোভ করে। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
আরও পড়ুন:








