বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশের অপকর্মের দায় জামায়াতের: দুদু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৬:৩৩

শেয়ার

দেশের অপকর্মের দায় জামায়াতের: দুদু
ছবি সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে যেসব অপকর্ম সংঘটিত হচ্ছে তার দায় জামায়াতে ইসলামীর, তবে সেগুলো বিএনপি সরকারের ওপর চাপানোর অপচেষ্টা চলছে। বৃহস্পতিবার রাজধানীর প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটি বিশেষ গোষ্ঠী ইসলামকে ব্যবহার করলেও বাস্তবে তারা ইসলামের বিরুদ্ধেই কাজ করছে এবং তাদের রাজনীতি সম্পূর্ণরূপে মিথ্যাচারের ওপর নির্ভরশীল। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে কোন পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কোন পক্ষ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, তা দেশের মানুষ ভালোভাবেই জানে।

বিএনপির জনসমর্থন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন এবং মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। বর্তমানে জনগণের মূল সমর্থন বিএনপির পক্ষেই রয়েছে বলে তিনি দাবি করেন।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে দুদু বলেন, হামের প্রাদুর্ভাব সম্পর্কে পাঁচ-ছয়বার লিখিতভাবে সতর্ক করা হলেও সে সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল, ফলে রোগটি আবার দেশে ফিরে এসেছে। তবে বর্তমান সরকার বিষয়টিকে জরুরি ভিত্তিতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হলে একটি পক্ষ সেখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে দুদু বলেন, দীর্ঘ ১৮ বছর দলটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে রাখা হয়েছিল এবং প্রতিটি নেতাকর্মীকে মামলা, কারাবাস ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ জীবনযাপন করে বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করছেন এবং সবাইকে তাঁর পাশে থেকে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।

দলীয় শৃঙ্খলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, যারা অপকর্ম করে তারা বিএনপির কেউ নয়। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তাকে অবিলম্বে আইনের হাতে তুলে দিতে হবে। নেতাকর্মীদের আশপাশে কোথাও অপকর্ম হচ্ছে কি না, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

দেশের ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে দুদু বলেন, আগে অনেক ফার্মেসি রাত সাত-আটটার মধ্যেই বন্ধ হয়ে যেত, কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে সারারাত সেবা দেওয়া হচ্ছে।

সংগঠনের সভাপতি ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।



banner close
banner close