বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ০৮:০৮

শেয়ার

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ
ছবি সংগৃহীত

জনগণ কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাচ্ছে না দাবি করে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চালুর দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, দেশে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, হাসপাতালে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের প্রভাবের মতো সমস্যাগুলো এখনো বিদ্যমান। এর ফলে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা ও অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে এখনো বিচারহীনতা ও দুর্নীতির পরিবেশ বজায় রয়েছে। মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগও সংকুচিত হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ না হওয়া এবং বিচার পাওয়ার নিশ্চয়তা না থাকায় অনেক ভুক্তভোগী আইনি ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলো প্রশ্নবিদ্ধ থেকে যাবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।



banner close
banner close