মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের গ্রেফতার ও অপসারণ দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ২২:৩৮

শেয়ার

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের গ্রেফতার ও অপসারণ দাবিতে বিক্ষোভ
ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর উদ্দিন আহমদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অসদাচরণ ও ইউপি সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তাঁর গ্রেফতার ও অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নরসিংপুর বাজার এলাকায় “এলাকাবাসী” ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। ইউপি সদস্যদের উপেক্ষা করে সরকারি সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিজের ইচ্ছামতো পরিচালনা করছেন বলেও অভিযোগ তোলেন তারা।

বক্তারা আরও বলেন, ইউপি সদস্যদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতিদমন কমিশন (দুদক) ও আদালতে একাধিক মামলা রয়েছে। এর আগে তাঁর অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়েছে বলে দাবি করেন তারা।

এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্য ইশরাইল আলীকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজের একটি অডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় গত রোববার অন্যান্য ইউপি সদস্যরা প্রতিবাদ সভা করেন।

সমাবেশে বক্তব্য দেন নরসিংপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইশরাইল আলী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ এবং ইউপি সদস্য হাফিজুল ইসলাম জুয়েল।

তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে গ্রেফতার ও অপসারণের দাবি জানান।

এ বিষয়ে নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।



banner close
banner close