সোমবার

১৮ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাংলাদেশের রাজনীতিতে আ. লীগের ফেরার সুযোগ নেই: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১৭:৩৮

শেয়ার

বাংলাদেশের রাজনীতিতে আ. লীগের ফেরার সুযোগ নেই: হাসনাত
ছবি সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যে দলের প্রধানরা লাখ লাখ নেতাকর্মী ফেলে পালিয়ে যায়, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের বিষয়ে বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ। তিনি অভিযোগ করেন, দেশের কিছু রাজনৈতিক নেতার বিদেশে বাড়ি-গাড়ি রয়েছে এবং তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা ও চিকিৎসাসেবা নেয়, অথচ সাধারণ মানুষ দেশে থেকেই এসব সেবা গ্রহণ করে। এ বৈষম্যমূলক পরিস্থিতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে বেকারত্ব দূর করতে যুবসমাজকে কাজে লাগাতে হবে। সরকারি বিভিন্ন খাতে মেধাবীদের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি খাতে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে হবে। এসএমই খাতকে আরও গতিশীল করার দাবিও জানান তিনি। আগামী বাজেটে এসব বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এনসিপির এই নেতা।

পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে বিরোধীদলের নেতাকর্মীরা হয়রানির শিকার হন। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, বর্তমান সময়েও একই ধরনের পরিস্থিতি রয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না। দেশটাকে পাল্টাতে হবে।

চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি মাদক ব্যবসার বিরুদ্ধেও কঠোর অবস্থান ব্যক্ত করেন। তার ভাষায়, যারা মাদক ব্যবসা করে তারা দেশ ও জাতির শত্রু। তারা যুবসমাজকে ধ্বংস করছে। পুলিশ আর মাদক কারবারি একসঙ্গে চলতে পারে না।

জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় পদযাত্রায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাতীয় যুব শক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক জাহিদুল তালুকদার, মো. হানিফ পাটোয়ারী ও আরিফুল ইসলামসহ অন্যরা।



banner close
banner close