জুলাই আন্দোলনের সময় আঁকা গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। রোববার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবন ও আশপাশের এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের সময় আঁকা গ্রাফিতির ওপর সাদা ও লাল রং দিয়ে মুছে ফেলার কাজ শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ করে লালখানবাজার থেকে টাইগারপাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে থাকা একাধিক গ্রাফিতি মুছে সেখানে বিজ্ঞাপন বোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
বিষয়টি রোববার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। পরে তারা সিটি কর্পোরেশন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়কে ব্যারিকেড দিয়ে পুনরায় গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু করেন তারা।
রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন দাবি করেন, কোনো গ্রাফিতি মোছা হয়নি। একই সঙ্গে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তোলেন তিনি।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাত সাড়ে ৯টার দিকে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এ সময় তারা সড়কে দেওয়া ব্যারিকেড সরানোর চেষ্টা করলে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষ আলাদা অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের উপস্থিতিও বাড়তে থাকে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে রাত ১১টার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখানবাজার থেকে টাইগারপাস অংশের পিলারগুলোতে সাদা রং করতে দেখা যায় সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মচারীকে। সন্ধ্যার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরে টাইগারপাস এলাকায় জড়ো হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্দেশে বিক্ষোভ মিছিল করেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব ও সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ দলটির নেতারা। তারা জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে মেয়র ডা. শাহাদাৎ হোসেনের সমালোচনা করেন। পরে নেতাকর্মীরা বিভিন্ন দেয়াল ও পিলারে নতুন করে গ্রাফিতি আঁকতে শুরু করেন।
এদিকে রাতে দেওয়া পৃথক এক বিবৃতিতে মেয়র ডা. শাহাদাৎ হোসেন বলেন, নগরীকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ রাখতে সিটি কর্পোরেশন নিয়মিত সৌন্দর্যবর্ধনের কাজ করছে। তবে জুলাই গণঅভ্যুত্থানের কোনো গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ তিনি দেননি। সিটি কর্পোরেশনের কোনো বিভাগ থেকেও এ ধরনের নির্দেশনা দেওয়া হয়নি বলেও দাবি করা হয় বিবৃতিতে।
আরও পড়ুন:








