নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ শনিবার রাতে সিরাজগঞ্জ জেলাসহ চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিগুলো আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে।
কমিটির বিস্তারিত
৮৮ সদস্যের সিরাজগঞ্জ জেলা শাখা কমিটিতে রবিউল ইসলাম রুবেলকে সভাপতি ও আল-আমিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে ৫৯ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
৬ সদস্যের সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটিতে রেজাউল করিম রাব্বি সভাপতি ও রাসেল সেখ আলী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
২৫ সদস্যের সিরাজগঞ্জ পৌর কমিটিতে শিপন আহসান কাব্যকে সভাপতি ও আলামিন সরকার হিমেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২২ সদস্যের সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা কমিটিতে জীবন সেখ সভাপতি ও জিম আহম্মেদ আকাশ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ছাত্রদলের প্রতিক্রিয়া
কমিটি ঘোষণার বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং এর নেতৃত্ব বর্তমানে পলাতক। সংগঠনটি শিক্ষার্থীদের কাছ থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন। এ অবস্থায় কমিটি গঠনের এই উদ্যোগ সম্পূর্ণ হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত। ছাত্রদল এই কমিটিকে কোনো গুরুত্ব দিচ্ছে না।
তিনি আরও বলেন, ছাত্রলীগ মূলত অনলাইন ও ফেসবুকের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করছে, যা দেশের মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না।
উল্লেখ্য, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও ছাত্রলীগ সামাজিক যোগাযোগমাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
আরও পড়ুন:








