শনিবার

১৬ মে, ২০২৬ ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজই নেতৃত্ব দেবে: মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৮:০৬

শেয়ার

আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজই নেতৃত্ব দেবে: মুহাদ্দিস আব্দুল খালেক
ছবি বাংলা এডিশন

আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজই নেতৃত্ব দেবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আজকের যুবসমাজই দেশের ভবিষ্যৎ। দেশ ও জাতির এই ক্রান্তিকালে যুবসমাজকেই কাণ্ডারীর ভূমিকা পালন করতে হবে। সমাজের সব স্তরে ইসলামী আদর্শ ও হুকুমত প্রতিষ্ঠায় যুবকদের সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৬ মে) সকালে সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল-কোরআন একাডেমির হলরুমে জেলা জামায়াতের যুব বিভাগ আয়োজিত যুব ও ক্রীড়া দায়িত্বশীলদের দিনব্যাপী ‘দায়িত্বশীল শিক্ষা শিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বর্তমান সামাজিক অবক্ষয়, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের অলিগলিতে যে মাদক ও চাঁদাবাজি শুরু হয়েছে, তা প্রতিরোধ করতে যুবসমাজকেই এগিয়ে আসতে হবে। সাতক্ষীরাবাসীর নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি এলাকার জনগণকে সাথে নিয়ে যুবকদের সংগঠিত হতে হবে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে এবং অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

দিনব্যাপী এই সাংগঠনিক কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, শহর শাখার আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, দেবহাটা উপজেলা সেক্রেটারি ইমদাদুল হক এবং শহর শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেব।

শিক্ষা শিবিরে বক্তারা যুবকদের নৈতিক ও আদর্শিক চরিত্র গঠনের ওপর জোর দেন এবং সমাজ সংস্কারে তাদের অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন। দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিটের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল কর্মীরা অংশ নেন।



banner close
banner close