কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে ফিরলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা করা হতে পারে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে বিএনপি গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করছে। তার অভিযোগ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসও বিএনপি যথাযথভাবে মূল্যায়ন করেনি। তিনি দাবি করেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে দুর্বল করা হলে ভবিষ্যতে তার রাজনৈতিক পরিণতি বিএনপিকেই বহন করতে হবে।
তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। অনেকের শরীরে এখনও গুলি ও নির্যাতনের চিহ্ন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেয়, তবে সেটি দলটির জন্য বুমেরাং হতে পারে। তার ভাষ্য, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে বিএনপির নেতাদের লক্ষ্যবস্তু করা হতে পারে এবং তারেক রহমানও ঝুঁকির মুখে পড়তে পারেন।
আরও পড়ুন:








