বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

জুলাই গণহত্যা মামলা ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ০২:০০

শেয়ার

জুলাই গণহত্যা মামলা ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন
ছবি সংগৃহীত

জুলাই বিপ্লবের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু-র বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের হয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।

অন্যদিকে, আসামিপক্ষের হয়ে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী যুক্তিতর্ক শেষ করেন। মোট নয় দিন ধরে নিজেদের বক্তব্য উপস্থাপন করে আসামিপক্ষ। শুনানিতে তারা বিভিন্ন আইনি দিক তুলে ধরার পাশাপাশি দাবি করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনু সংসদ সদস্য ছিলেন না।

মুনসুরুল হক চৌধুরী আদালতে বলেন, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর কোনো সম্পৃক্ততা নেই। মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন, ঘটনার সময় তিনি কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।

গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পরে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল তা পরবর্তী তারিখ পর্যন্ত মুলতবি করেছিলেন।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম এবং আবদুস সোবহান তরফদারসহ অন্যরা।



banner close
banner close