বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১৩:৩০

শেয়ার

শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা এবং সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী এদিন তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেন।

গত ৭ মে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ‘উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন’ বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এ ছাড়া প্রসিকিউশনের দাবি, হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে উসকানিমূলক বক্তব্য একাত্তর টেলিভিশনে প্রচার করেছিলেন ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। সে সময় মোজাম্মেল বাবু টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ছয়জন কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, সাবেক উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে এ অভিযোগ করা হয়। মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।



banner close
banner close