বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক মাসুদ গাউস আইজাজী।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রতিনিধি মাসুদ গাউস আইজাজীকে ছাত্রশিবিরের নেতারা উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি ছাত্রশিবিরের বিভিন্ন সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং সংগঠনের বর্তমান কার্যক্রম বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণ ছাত্রসমাজের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে অতিথির হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন:








