বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক। মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডা. সীমা মালিককে বাংলাদেশে স্বাগত জানিয়ে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের নারীদের মধ্যে পারস্পরিক কাজের অগ্রগতি ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি সীমা মালিকের বিগত পাকিস্তান সফরের স্মৃতিও উল্লেখ করেন।
মতবিনিময় সভায় ডা. সীমা মালিক বলেন, পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের তুলনায় ভিন্ন। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের সামন্তবাদী রাজনৈতিক কাঠামোর কারণে সেখানে তরুণ রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ সীমিত। বাংলাদেশের নারীদের মধ্যে জামায়াতের তৎপরতা ও গ্রহণযোগ্যতার প্রশংসা করে তিনি বলেন, এ সফরের অভিজ্ঞতা নিজ দেশের নারী আন্দোলনের কাজে লাগবে বলে তিনি আশাবাদী।
জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিভাগের রাজনৈতিকবিষয়ক সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, বিদেশ বিভাগীয় সেক্রেটারি খোন্দকার আয়েশা খাতুন, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম ও সাঈদা রুম্মান, মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি, প্রচার-মিডিয়া ও সাহিত্য-সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দোকার আয়শা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সালমা সুলতানা, রোজিনা বেগম, সুফিয়া জামান, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীমা সুইট এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া প্রমুখ।
আরও পড়ুন:








