সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ–এর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে অপর এক ব্যক্তির সহযোগিতায় আমির হোসেন সবুজ ইয়াবা সেবন করছেন বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে তাকে বাঁ হাতে সিগারেট এবং ডান হাতে পাইপসদৃশ একটি বস্তু ব্যবহার করতে দেখা যায়।
তবে ভিডিওটির সত্যতা অস্বীকার করেছেন আমির হোসেন সবুজ। তিনি বলেন, দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর পাঁচ বছর আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষ ও ষড়যন্ত্রকারীরা প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় আমির হোসেন সবুজ ৫ আগস্টের পর ভেঙে দেওয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পরিত্যক্ত স্থানে টয়লেট নির্মাণের দাবি তুলেছিলেন।
তিনি আরও বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ব্যক্তিগত শত্রুতার জেরে কেউ ভিডিওটি ভাইরাল করে থাকতে পারে। ভিডিওটি আসল না সম্পাদিত, তা যাচাই-বাছাই ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
আরও পড়ুন:








