স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নয়, এককভাবেই অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলকে নিজস্ব সাংগঠনিক শক্তি বাড়াতে আলাদাভাবে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দলের নির্বাহী পরিষদ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে জোটের রাজনীতি করা হবে না। তিনি জানান, প্রতিটি দলকে নিজস্ব অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই পৃথকভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জোটগত সমঝোতা বা ঐক্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। প্রতিটি দল নিজস্ব প্রক্রিয়ায় প্রার্থী বাছাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
এর আগে জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল এনসিপি। তবে স্থানীয় নির্বাচনে আলাদাভাবে প্রার্থী দিলেও এতে রাজনৈতিক সম্পর্কের অবনতি বা মনোমালিন্যের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:








