বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

চুমকি ও জাকির হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৮:১৯

শেয়ার

চুমকি ও জাকির হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ
ছবি সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান তদন্তের স্বার্থে গাজীপুর-৫ আসনের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

আদালত সূত্রে জানা যায়, মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে ২০২৫ সালের ২১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করা হয়। মামলায় রমনা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, তদন্তের স্বার্থে কর অঞ্চল-৫-এ সংরক্ষিত মেহের আফরোজ চুমকির করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সংশ্লিষ্ট আয়কর নথি ও রেকর্ড জব্দ করা প্রয়োজন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

অন্যদিকে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের বিরুদ্ধেও গত বছরের ২১ জানুয়ারি মামলা দায়ের করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। দুদকের তথ্যমতে, তিনি কুড়িগ্রামের রৌমারী বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।

দুদকের তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রংপুর অঞ্চলে সংরক্ষিত জাকির হোসেনের টিআইএন-সংশ্লিষ্ট আয়কর নথিপত্র ও রেকর্ড জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।