নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১০টি মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার (১০ মে) সকালে আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আইভীর বিরুদ্ধে হত্যা, পুলিশের কাজে বাধাদান ও সহিংসতার অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলায় তিনি আগে থেকেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। সর্বশেষ আপিল বিভাগের আদেশে আরও ১০টি মামলায় তার জামিন বহাল থাকে।
জামিন বহাল হওয়া মামলাগুলোর মধ্যে ছয়টি হত্যা মামলা। বাকি চারটি মামলায় পুলিশের ওপর হামলা, সহিংসতা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছে।
আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, বর্তমানে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে সাতটি মামলার এজাহারে তার নাম ছিল না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এক বছর পার হলেও তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে বিজয়ী হন।
আরও পড়ুন:








