রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ০৮:২৭

শেয়ার

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা, সে বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।

রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠন করা হলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ৭ মে আদেশ ঘোষণার দিন ধার্য ছিল। তবে পরে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ–এর মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

গত ২৬ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে প্রসিকিউশন ও আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করে। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে তিনটি অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনাপ্রবাহ ট্রাইব্যুনালে তুলে ধরেন। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র সঙ্গে তাপসের ফোনালাপের বিষয়ও উল্লেখ করা হয়। এছাড়া ভিডিও ফুটেজে অন্য আসামিদের উপস্থিতির প্রমাণ রয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়।

প্রসিকিউশনের দাবি, তাদের কাছে অভিযোগ সমর্থনের জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তাই ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে।

অন্যদিকে, গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। এক আসামির আইনজীবী সিফাত মাহমুদ শুভ শুনানিতে দাবি করেন, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এ ধরনের অপরাধ বিচারের জন্য পৃথক আইন রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, উসকানি, প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ মদদে জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মোহাম্মদপুর এলাকায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন।



banner close
banner close