ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মহেশপুর থানা সূত্রে জানা গেছে, নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য তানিয়া নামে এক নারী সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে। ওই মামলায় তাকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার পর থেকেই মহেশপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন পোস্ট ও স্ট্যাটাস দিয়েছেন। কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন।
তবে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুরো মহেশপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:








