নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার দুপুরে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেছে। জুমার নামাজ শেষে পৌর এলাকার প্রধান সড়কে এই মিছিল পরিচালিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তির দাবিতে স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জুমার নামাজ শেষে হঠাৎ করে কয়েকজন যুবক পৌর এলাকায় জড়ো হন এবং ব্যানার ও পোস্টার নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, কিছু বহিরাগত ব্যক্তি হঠাৎ ঝটিকা মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সরে পড়ে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও ছাত্রলীগের এই প্রকাশ্য তৎপরতা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।
আরও পড়ুন:








