শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালকের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১৬:২৪

শেয়ার

জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালকের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
ছবি সংগৃহীত

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়ার সঙ্গে বৈঠক করেছেন জাপান সফররত বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৮ মে) জাপানে জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে। এতে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে জাইকার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জাইকার প্রতিনিধিদল বাংলাদেশে তাদের বিভিন্ন উন্নয়ন সহযোগিতা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

আলোচনায় জাইকার পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ বর্তমানে সংস্থাটির অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

এ সময় ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ জাইকার উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত দেশে পরিণত হবে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের কল্যাণ, টেকসই উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



banner close
banner close