সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে উপজেলার ধানগড়া এলাকা থেকে রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং মো. রাকিব (২৪) কে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, অভিযুক্ত তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।
গত ২ মে ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তার পথরোধ করা হয়। এ সময় তৌকিরসহ কয়েকজন তাকে মারধর করেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এরপর তাকে অপহরণ করে ঝাপড়া বালুর পয়েন্ট ও ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে আটকে রাখা হয়। সেখান থেকে তার পরিবারের কাছে ফোন করে আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, প্রধান আসামি তৌকির আহম্মেদ স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন:








