বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ১৪:৩২

শেয়ার

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
ছবি সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে। আদালত নতুন করে আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন।

বুধবার (৬ মে) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। এ মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, এদিন শুনানির জন্য তারিখ নির্ধারিত থাকলেও বিচারক ব্যস্ত থাকায় তা পিছিয়ে দেওয়া হয়।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চান, যা আদালত মঞ্জুর করেন। পরবর্তীতে ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর একটি ফ্ল্যাট দখল ও পরবর্তীতে রেজিস্ট্রি করেন।

উল্লেখ্য, এর আগে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে পৃথক তিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।



banner close
banner close