বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

১০ মে’র মধ্যে এনসিপির উপজেলা ও পৌর প্রার্থী তালিকা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৮:০৯

শেয়ার

১০ মে’র মধ্যে এনসিপির উপজেলা ও পৌর প্রার্থী তালিকা ঘোষণা
ছবি সংগৃহীত

উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণার নতুন সময়সূচি নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানিয়েছেন, আগামী ১০ মে’র মধ্যে প্রাথমিকভাবে সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা এনসিপিতে যোগ দেন।

সারজিস আলম বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম প্রকাশ করার কথা ছিল। তবে ব্যক্তিগত ও সাংগঠনিক নানা কারণে সেই সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই সাতটি সিটি কর্পোরেশনে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হবে। বর্তমানে ১১ দলীয় জোটে থাকা সত্ত্বেও দলটি বিরোধী শক্তি হিসেবে রাজনীতি করছে এবং একই সঙ্গে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ওঠার লক্ষ্যে এককভাবে স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। ইতোমধ্যে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, উপজেলা পর্যায়ে বর্তমানে কোনো নির্বাচিত চেয়ারম্যান দায়িত্বে নেই এবং উপজেলা পরিষদ বিলুপ্ত করার প্রচেষ্টার কথাও শোনা যাচ্ছে। এ ধরনের পদক্ষেপ ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা হিসেবে দেখা হতে পারে, যা উল্টো ফল বয়ে আনবে বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন এ বছরের মধ্যেই আয়োজনের দাবি জানিয়ে সারজিস আলম বলেন, সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন দ্রুত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে এনসিপি।



banner close
banner close