বর্তমানে দেশের কোথাও লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, যা লোডশেডিং হিসেবে গণ্য নয়।
তিনি আরও বলেন, অতীতে কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরির চেষ্টা করা হয়েছিল। ডিজেল চুরি ও এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকায় গত এক সপ্তাহ দেশে কোনো লোডশেডিং হয়নি। ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত উৎপাদন পরিস্থিতি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় কৃষিতে সেচের প্রয়োজন কমে যায়, ফলে বিদ্যুতের অতিরিক্ত চাপ হ্রাস পায়। এতে সার্বিকভাবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে।
পিডিবি চেয়ারম্যান আরও জানান, আগে কিছু ছোট বিদ্যুৎকেন্দ্রে সমস্যার কারণে উৎপাদনে ঘাটতি ছিল। বর্তমানে সেই সমস্যা কাটিয়ে ওঠা গেছে এবং সামনের দিনগুলোতেও শূন্য লোডশেডিং বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
অন্যদিকে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (কারিগরি) পরিতোষ সূত্রধর বলেন, জাতীয়ভাবে লোডশেডিং না থাকলেও স্থানীয় পর্যায়ে রক্ষণাবেক্ষণ বা কারিগরি কারণে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। গাছের ডাল কাটা, লাইনের কাজ বা দুর্ঘটনাজনিত কারণে এমন পরিস্থিতি তৈরি হলেও তা লোডশেডিং হিসেবে বিবেচিত নয়।
আরও পড়ুন:








