নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ (মঙ্গলবার, ৫ মে) আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ ঘোষণা করবেন।
এর আগে গত ২৩ এপ্রিল আসামিদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা। তারা দাবি করেন, রাজনৈতিক কারণেই এই মামলায় শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগও প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। একই সঙ্গে তারা আসামিদের অব্যাহতির আবেদন জানান।
অন্যদিকে প্রসিকিউশন পক্ষ ওই আবেদন নিয়ে আপত্তি জানিয়ে বলে, আসামিদের সঙ্গে আইনজীবীর যোগসাজশ রয়েছে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আজকের দিনটি অভিযোগ গঠনের আদেশের জন্য নির্ধারণ করা হয়।
এই মামলায় শামীম ওসমান ছাড়াও অন্য আসামিদের মধ্যে রয়েছেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই ও আগস্টে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সংঘটিত পৃথক তিনটি ঘটনায় মোট ১০ জনকে হত্যা করা হয়। এসব ঘটনায় চাষাঢ়া, ফতুল্লা ও ভূইগড় এলাকায় হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি ট্রাইব্যুনাল মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। আজকের আদেশের মাধ্যমে মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে যাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
আরও পড়ুন:








