শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

শাপলা চত্বর ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১১:১৯

শেয়ার

শাপলা চত্বর ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের
ছবি সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ মে’র ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি ঘটনাটিকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন।

শাপলা চত্বরের ২০১৩ সালের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সেদিন ধর্মপ্রাণ মানুষের ওপর পরিচালিত অভিযান জাতির বিবেককে নাড়া দিয়েছিল। এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। এতে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

বিবৃতিতে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। একই সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত উল্লেখ করে, সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



banner close
banner close