সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

আ.লীগ নেতার বাড়িতে বিএনপি এমপির ভোজ, ক্ষোভে চার নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ২২:২৩

শেয়ার

আ.লীগ নেতার বাড়িতে বিএনপি এমপির ভোজ, ক্ষোভে চার নেতার পদত্যাগ
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আওয়ামী লীগ নেতার বাড়িতে বিএনপির সংসদ সদস্যের পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে মধ্যাহ্নভোজ করার ঘটনায় স্থানীয় ছাত্রদল ও অঙ্গসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শনিবার (২ মে) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে চারজন স্থানীয় ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম অলি আহমেদের বাড়িতে তার ছেলের বৌভাত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির সংসদ সদস্য Engineer Khaled Hossain Mahbub Shyamal অংশ নেন। তিনি সেখানে মধ্যাহ্নভোজেও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। পরে ক্ষোভের জেরে চারজন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়ান চৌধুরী রাসেল, জিয়া সাইবার ফোর্সের বিজয়নগর শাখার সভাপতি মুনায়েম মুন্না, ছাত্রদল নেতা এমদাদুল হক সাচ্চু এবং সাবেক ছাত্রদল নেতা তরিকুল ইসলাম সোহান। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে ব্যক্তিগত সিদ্ধান্তে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

এ বিষয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক মামলা-হামলার শিকার নেতাকর্মীদের অনেকেই এ ধরনের ঘটনাকে ভালোভাবে নেননি এবং এতে অসন্তোষ তৈরি হয়েছে।

অন্যদিকে আয়োজক আওয়ামী লীগ নেতা এম অলি আহমেদ দাবি করেন, এটি পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে আয়োজিত একটি অনুষ্ঠান ছিল। সেখানে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়।

এ বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট সংসদ সদস্যের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



banner close
banner close