বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে সংঘটিত দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৬২ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় মোট আসামি ১৯৫ জন। এর মধ্যে ৭০ জন জামিনে থাকলেও শেখ হাসিনাসহ ১২৫ জন পলাতক রয়েছেন। অন্যদিকে, বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় ১৭৮ জন আসামির মধ্যে ৪১ জন জামিনে এবং শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩৭ জন পলাতক রয়েছেন। এ দুই মামলায় মোট ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের জিআরও জুয়েল রানা ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বর পুলিশ সোহানুর রহমান রঞ্জু ও আব্দুল লতিফ হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা হেনরীসহ ৩৭৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখ নিহত হন। এসব ঘটনায় নিহতদের স্বজনরা পৃথক তিনটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন:








