সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১৮:৫৯

শেয়ার

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ছবি সংগৃহীত

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সোমবার দুপুরে পদবঞ্চিত ও পদপ্রাপ্ত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানাধীন পৌরসভা, কাঠালতলী, বনরুপা ও আশপাশ এলাকায় রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

জানা গেছে, নতুন কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীরা রোববারের ধারাবাহিকতায় সোমবারও দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে কমিটির বিরুদ্ধে স্লোগান দেন। একই সময়ে নতুন কমিটির নেতাকর্মীরা পৌরসভা এলাকায় শুভেচ্ছা মিছিলের জন্য সমবেত হন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়লে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পদবঞ্চিতরা দলীয় কার্যালয় থেকে সরে যেতে বাধ্য হন। পরে নতুন কমিটির সমর্থকরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে সরিয়ে দেন। একই সঙ্গে জেলা প্রশাসন বিএনপি কার্যালয়সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে উভয় পক্ষ এলাকা ত্যাগ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে জানমালের ঝুঁকি তৈরি হওয়ায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন বলেন, ১৪৪ ধারার আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং আদেশ রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে।

এর আগে, শুক্রবার নতুন কমিটি ঘোষণার পর শনিবার পদবঞ্চিতরা বিএনপি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। তখন জেলা বিএনপির নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেন। তবে সোমবার বিকেলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের ঘোষণা দিলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।



banner close
banner close