সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি বুবলী ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১৪:৩৯

শেয়ার

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি বুবলী ফের গ্রেপ্তার
ছবি সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বুবলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, মামলার ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন রয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু এ আবেদনের বিরোধিতা করে বলেন, মিছিলের অর্থ জোগানদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো প্রামাণ্য ভিত্তি নেই। তিনি আরও বলেন, বুবলীর পারিবারিক দায়দায়িত্ব রয়েছে এবং নরসিংদী থেকে অর্থ জোগানের অভিযোগও অযৌক্তিক। এসব বিবেচনায় তাকে জামিন দেওয়ার আবেদন করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৭ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী একটি মিছিল বের করেন। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানিমূলক স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে।

ঘটনাস্থল থেকে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত একটি প্লাস্টিকের ব্যাগ এবং ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়।

এ ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে প্রাপ্ত তথ্য ও গ্রেপ্তারকৃত আসামির জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বুবলী ওই মিছিলে অর্থ জোগান দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

তামান্না নুসরাত বুবলী বর্তমানে আরেকটি নাশকতার মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। তদন্তের স্বার্থে চলমান মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।



banner close
banner close