কুমিল্লায় আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রায় সাড়ে ১২ ঘণ্টা পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর শাসনগাছার বাসা থেকে কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। পরে রাত ১২টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আটকের খবর ছড়িয়ে পড়ার পর দুপুর থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেন। একই সময়ে নগরীর শাসনগাছা বাস টার্মিনালে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান পরিবহন শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকে। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে রেজাউল কাইয়ুমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।
এদিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান দাবি করেন, একটি অভিযোগের ভিত্তিতে তাকে থানায় নেওয়া হলেও তা ভিত্তিহীন। তার ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, রাত ১২টার দিকে রেজাউল কাইয়ুমকে ছেড়ে দেওয়া হয়। তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বিষয়গুলো যাচাই-বাছাই করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:








