চট্টগ্রামের হালিশহর এলাকায় গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার ৩ মে রাত ৮টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার তায়েফ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বৈঠকরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার উত্তর মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল নির্দিষ্ট স্থানে অভিযান চালায় এবং রেস্টুরেন্টের ভেতরে বৈঠক চলাকালে ১৪ জনকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈঠকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পুনর্গঠন প্রক্রিয়া এবং বিভিন্ন সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা চলছিল। দেশের বাইরে অবস্থানরত কয়েকজন নেতার সঙ্গে সমন্বয়ের বিষয়ও আলোচনায় ছিল বলে দাবি করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক রয়েছেন বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিকল্পনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিএমপি সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষণার পরও সংগঠনটির কিছু সদস্য গোপনে সক্রিয় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে নগরের বিভিন্ন এলাকায় তাদের তৎপরতা বেড়েছে। গত ২৫ এপ্রিল কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথকভাবে মিছিলের ঘটনা ঘটে। এর আগে অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিং রোডেও একই ধরনের তৎপরতা দেখা যায়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরজুড়ে গোয়েন্দা নজরদারি জোরদার করে। সর্বশেষ অভিযানের মাধ্যমে সেই নজরদারির অংশ হিসেবে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়, মামলার বিস্তারিত এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
আরও পড়ুন:








