রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, থানা ঘেরাও ও বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ০৩:৩০

শেয়ার

বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, থানা ঘেরাও ও বাস চলাচল বন্ধ
ছবি সংগৃহীত

কুমিল্লায় বিএনপির নেতা রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনায় নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাঁর মুক্তির দাবিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করে পরিবহনশ্রমিকেরা বাস চলাচল বন্ধ রাখেন।

রোববার (৩ মে) দুপুরে নগরের শাসনগাছা এলাকায় নিজ বাসা থেকে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) রেজাউল কাইয়ুমকে আটক করে। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে আটকের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র শাসনগাছা বাস টার্মিনালকে কেন্দ্র করে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগের কথা উল্লেখ করেছে।

আটকের খবর ছড়িয়ে পড়ার পর শতাধিক নেতাকর্মী থানার সামনে জড়ো হন। তাঁদের সঙ্গে পরিবহনশ্রমিকদেরও দেখা যায়। বিক্ষুব্ধরা স্লোগান দেন এবং থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, শ্রমিকদের অবরোধের কারণে শাসনগাছা বাস টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়, এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আনা হয়েছে, এখনো গ্রেপ্তার দেখানো হয়নি এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক জানান, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

বেলা আড়াইটা পর্যন্ত থানার সামনে বিক্ষোভ অব্যাহত থাকায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে।



banner close
banner close