শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

আ.লীগের ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ২ মে, ২০২৬ ২২:২২

শেয়ার

আ.লীগের ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
ছবি বাংলা এডিশন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান দাবি করেছেন, আওয়ামী লীগের শেষ ১০ বছরে অফিসিয়াল ও আনঅফিসিয়ালভাবে প্রায় ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর কোষাগার প্রায় শূন্য অবস্থায় পাওয়া যায় এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সময়ে কঠিন পরিস্থিতিতে দেশ পরিচালনা করা হয়।

বুধবার (২ মে) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময়ের ভয়াবহ পরিস্থিতির কথা তিনি প্রত্যক্ষ করেছেন, যেখানে ব্যাপক প্রাণহানি ঘটে এবং মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। তিনি বলেন, সেই সময়ের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যায়।

বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সীমিত সম্পদ নিয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ সুবিধা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি।

অনুষ্ঠানে এডিপি কর্মসূচির আওতায় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ১৬ জন নারীর মাঝে সেলাই মেশিন, ১০টি পরিবারের জন্য টিউবওয়েল, ১৩০ জন শিক্ষার্থীর জন্য ক্রীড়া সামগ্রী, ৩০ জন কৃষকের জন্য কৃষি উপকরণ, ১৮ জন দরিদ্র নারীর মাঝে গবাদিপশু এবং ১৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।



banner close
banner close