বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকার দুই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৭:৪০

শেয়ার

দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকার দুই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা এলাকায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে দর্শনা-আকন্দবাড়িয়া ও রাঙ্গিয়ার পোতা গ্রামের পৃথক দুটি সড়কের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম এলাকার গুরুত্বপূর্ণ দুটি সড়কের উন্নয়ন কাজ শুরু করতে পেরে তিনি আনন্দিত। দীর্ঘদিন ধরে এসব সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় মানুষ ভোগান্তিতে ছিলেন। কাজগুলো বাস্তবায়িত হলে তাদের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন জানান, আকন্দবাড়িয়া-শৈলমারি সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার এবং আকন্দবাড়িয়া-রাঙ্গিয়ারপোতা সড়কের দৈর্ঘ্য ৭৫০ মিটার। উভয় সড়কে পিচ ঢালাই কাজের জন্য প্রাথমিকভাবে মোট ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আ. কাদের, দর্শনা পৌর আমির মো. সাহিকুল আলম অপুসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সড়ক উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।