বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ে অতীতের মতো আবারও রাজপথে নামবে।
শনিবার (২ মে) দুপুরে পিরোজপুর শহরের ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা ও পৌরসভার শূরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেলাল বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে সনদ প্রণয়ন করা হয়েছে, সেখানে জাতির গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলো অন্তর্ভুক্ত ছিল। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সেই সনদের পক্ষে মত দিয়েছে এবং ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তা বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছে। তার মতে, জনগণের এই প্রত্যাশা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় এই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। এখন যদি তা বাস্তবায়ন না করা হয়, তবে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে। সরকারকে দ্রুত এ সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে বলেও তিনি আহ্বান জানান।
অন্যথায় জনগণ আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে বলে সতর্ক করেন তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার শূরা ও কর্মপরিষদ সদস্যরা অংশ নেন।
আরও পড়ুন:








