ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে—এমন সংবাদ ছড়িয়ে পড়লেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। একই সঙ্গে ইসলামী ছাত্রশিবির জানিয়েছে, সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে অনানুষ্ঠানিকভাবে সাদিক কায়েমের নাম প্রস্তাব করা হয় বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কেউ প্রস্তাব দিতে পারেন, তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেন্দ্র থেকে অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি আরও জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রার্থী শিগগিরই চূড়ান্ত করা হবে।
অন্যদিকে, সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে প্রচারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইসলামী ছাত্রশিবির এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন না। এমনকি কোনো দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।
শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব শেষ করে সংগঠন থেকে বিদায় নেওয়ার পর যে কেউ রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। বর্তমান দায়িত্বশীলদের নিয়ে এ ধরনের সংবাদকে বিভ্রান্তিকর উল্লেখ করে তা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন:








