শুক্রবার

১ মে, ২০২৬ ১৮ বৈশাখ, ১৪৩৩

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী সাদিক কায়েম: জামায়াতের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৬ ১৩:৪৯

শেয়ার

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী সাদিক কায়েম: জামায়াতের সিদ্ধান্ত
ছবি সংগৃহীত

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা আগামী দুই-এক দিনের মধ্যে কেন্দ্রীয়ভাবে দেওয়া হতে পারে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখনো বড় পরিসরে প্রচারণা শুরু না করলেও তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশনের জন্যই দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালনকারী সাদিক কায়েম ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন তরুণ নেতা। দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকা সম্ভব। আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি পূর্ণমাত্রায় নির্বাচনী প্রচারণায় নামবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।



banner close
banner close