বৃহস্পতিবার

৩০ এপ্রিল, ২০২৬ ১৭ বৈশাখ, ১৪৩৩

আমাদের অধিকার খর্ব করবেন না, সংসদে বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১৩:১৪

আপডেট: ৩০ এপ্রিল, ২০২৬ ১৩:১৫

শেয়ার

আমাদের অধিকার খর্ব করবেন না, সংসদে বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের অধিকার খর্ব করবেন না। আমাদের অধিকার আপনার (স্পিকার) মাধ্যমে সংরক্ষিত হোক। এই বিল দুইটিই স্থগিত করুন, যেগুলোর কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬ ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬ পাসের জন্য উত্থাপন করার সময় তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বেশিরভাগ সংসদ সদস্য এখানে নতুন এসেছি। আমরা বিধিগুলো আস্তে আস্তে রপ্ত করছি। বিধি মোতাবেক এই সংসদ চলবে, এতে আমাদের সকলের সহযোগিতা করা উচিত। স্পিকারের চেয়ার থেকে বারবার এ অনুরোধ আমাদের জানানো হয়েছে এবং আমরা তা সম্মান করি।

তিনি আরও বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬—এই বিলটি কোনো সময়সীমার মধ্যে বন্দি নয়। এখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। তাই বিধি মানাই উচিত ছিল। আমরা তিন দিন আগে চেয়েও তো পেলাম না, এমনকি এক দিন আগেও ম্যাটেরিয়ালসগুলো পাইনি। মাত্র এখন ডেস্কে এসে পেয়েছি।

বিরোধীদলীয় নেতা বলেন, আমি আবারও বলছি, এটি সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আরও অনেক বিল এই সংসদে আসবে—এটাই স্বাভাবিক। বিল আসবে, আইন সংশোধন হবে; আমাদের এগিয়ে যেতে হলে এগুলো লাগবে। কিন্তু যেখানে যা প্রযোজ্য, তা-ই হওয়া উচিত। যেহেতু এর কোনো সময়সীমা নেই, তাই এটি পরবর্তী অধিবেশনে আনা যেতে পারে। আমি অনুরোধ করব, এই আলোচনা এখানে স্থগিত করা উচিত।

তখন ডেপুটি স্পিকার বলেন, মাননীয় বিরোধীদলীয় নেতা, আমরা বিধি ৮০-তে আছি। বিধি অনুযায়ী বিলের রিপোর্ট আমাদের গতকাল দেয়া হয়েছে। মাননীয় সদস্য, বিল দেয়া হয়েছে গত পরশু দিন এবং রিপোর্ট দেয়া হয়েছে গতকাল।



banner close
banner close