সিরাজগঞ্জের তাড়াশে সংঘর্ষের একটি মামলার প্রধান আসামি হয়েও থানায় তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মো. আব্দুর রাজ্জাক নামে এক বিএনপি নেতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল)। রাতে তাড়াশ থানায় অন্য একটি বিষয়ে তদবির করতে গেলে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক উপজেলার তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গাবরগাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবরগাড়ি জামে মসজিদের একটি পুকুর দখলকে কেন্দ্র করে মসজিদ কমিটির সঙ্গে ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মো. এনামুল হক ও আব্দুর রাজ্জাকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৭ এপ্রিল তাদের নেতৃত্বে একদল লোক পুকুর থেকে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এর প্রতিবাদে ১৮ এপ্রিল গ্রামবাসী ও মসজিদ কমিটি মানববন্ধন করলে সেখানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৮ জন আহত হন।
ঘটনার পর মসজিদ কমিটির পক্ষ থেকে মো. তোজ্জামেল হোসেন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন, যেখানে আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, সংঘর্ষের মামলার এক নম্বর আসামি হিসেবে তাকে শনাক্ত করা হলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








