মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৪ বৈশাখ, ১৪৩৩

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ২২:৫১

আপডেট: ২৭ এপ্রিল, ২০২৬ ২২:৫৩

শেয়ার

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের
ছবি: সংগৃহীত

সারা দেশে আকস্মিক ঝড় ও বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির আহ্বান, বৈরী পরিবেশে যথাযথ ব্যবস্থাসহ চলাচল নিশ্চিত করা এবং সচেতনতামূলক প্রচারণা ও অধিক বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক লাইটনিং অ্যারেস্টার স্থাপন করুক সরকার।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সোমবার এক বিবৃতিতে বলেন, মৌসুমি ঝড় ও আকস্মিক বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুসহ বেশ কয়েকজন নাগরিকের প্রাণহানি ঘটেছে, যা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। প্রাকৃতিক দুর্যোগে এসব প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত, শোকাহত এবং উদ্বেগ প্রকাশ করছি। মহান আল্লাহর কাছে নিহতদের উত্তম মর্যাদা কামনা করছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, মৌসুমি আবহাওয়ার কারণে বজ্রপাতে দেশে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। এজন্য বৈরী আবহাওয়ার সময় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বৈরী পরিবেশে যথাযথ ব্যবস্থাসহ চলাচল নিশ্চিত করা এবং সরকারকে সচেতনতামূলক প্রচারণা ও অধিক বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক লাইটনিং অ্যারেস্টার স্থাপনের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত রাতে জামালপুরের মেলান্দহে ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। নওগাঁর আত্রাইয়ে গাছ ভেঙে পড়ে বেদে সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা আরাফাতুন নামে এক নারী এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাছিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও সোমবার সকাল থেকে বিকেলের মধ্যে গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে।

জুবায়ের বলেন, প্রাকৃতিক দুর্যোগে এসব মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। এজন্য পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।



banner close
banner close