সোমবার

২৭ এপ্রিল, ২০২৬ ১৪ বৈশাখ, ১৪৩৩

আইভীর জামিন স্থগিতাদেশ নিয়ে ৩ মে আপিল বিভাগের আদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১৮:০৮

শেয়ার

আইভীর জামিন স্থগিতাদেশ নিয়ে ৩ মে আপিল বিভাগের আদেশ
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতাদেশ বিষয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর মধ্যে পাঁচ মামলায় হাইকোর্ট তাকে জামিন প্রদান করেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগের চেম্বার আদালত গত ৫ মার্চ ওই জামিনাদেশ স্থগিত করেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

পরবর্তীতে আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হলে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি পুনরায় জামিন দেন।

মামলাগুলোর মধ্যে চারটি হত্যা মামলা ফতুল্লা থানায় দায়ের করা হয়েছে, যেখানে ভুক্তভোগী হিসেবে আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজের নাম উল্লেখ রয়েছে। অপর মামলাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা হয়েছে, যেখানে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এদিকে চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে আরও দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে। মামলাগুলোর জামিন বিষয়ে আপিল বিভাগের চূড়ান্ত আদেশের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।



banner close
banner close