জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেওয়ার পর বাসা ছাড়ার চাপ এবং একটি প্রতিষ্ঠানের সঙ্গে করা ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি বাতিলের অভিযোগ তুলেছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এসব দাবি করেন।
কাফির বক্তব্য অনুযায়ী, রাজধানীর একটি বাসার চিলেকোঠায় তিনি প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন। সম্প্রতি এনসিপিতে যোগ দেওয়ার পর বাড়ির মালিকপক্ষের কয়েকজন তাকে বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মালিকানায় একাধিক পক্ষ থাকায় তাদের মধ্যে কয়েকজনের পক্ষ থেকে বিভিন্নভাবে বিরক্ত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্টদের মধ্যে একজন সরকারি দলের উচ্চপর্যায়ের কর্মকর্তা রয়েছেন বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার এক বছরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি ছিল জানিয়ে কাফি বলেন, রোববার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যোগাযোগ করে চুক্তি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানানো হয়। চুক্তি বাতিলের পেছনে রাজনৈতিক সম্পৃক্ততাকে কারণ হিসেবে দেখছেন তিনি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক সম্পৃক্ততার কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে কাফি বলেন, ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তবে এসব ঘটনাকে বড় ধাক্কা হিসেবে দেখলেও তা মোকাবিলার সক্ষমতা তার রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেন নুরুজ্জামান কাফি।
আরও পড়ুন:








