বৃহস্পতিবার

২৭ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

মানহানির মামলায় এমপি আমির হামজার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০৫

শেয়ার

মানহানির মামলায় এমপি আমির হামজার আগাম জামিন
ছবি সংগৃহীত

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার তার করা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

এর আগে গত ২১ এপ্রিল মানহানিকর মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বিচারক জানান, সমন জারি করা হলেও নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়।

মামলার বিবরণে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

বাদীর অভিযোগ, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে এক বক্তব্যে আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে আখ্যা দেন, যা মানহানিকর ও আপত্তিকর। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এক বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেই বক্তব্যকে কেন্দ্র করেই পরবর্তীতে এ বিতর্কের সূত্রপাত হয়।