রবিবার

২৬ এপ্রিল, ২০২৬ ১৩ বৈশাখ, ১৪৩৩

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৭:০০

শেয়ার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬
ছবি সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা একটি পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদলের উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন। অন্যদিকে ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে ফেসবুকে পোস্ট ও পাল্টা পোস্টকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close